মনসুকা খবর, ঘাটাল: বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধা। ঐদিন দুপুরের পর থেকে আর হদিস মিলছে না পশ্চিম মেদিনীপুর জেলার মনসুকা-১ পঞ্চায়েতের অন্তর্গত রসিকপুর গ্রামের বাসিন্দা লীলা মাজির। নিখোঁজ বৃদ্ধা ওই গ্রামেরই বাসিন্দা পঞ্চানন মাজির মা বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ায় তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে পরিবার ও এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, 12 মার্চ দুপুর নাগাদ হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হন লীলাদেবী। দীর্ঘক্ষণ অতিক্রান্ত হওয়ার পর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। গ্রাম ও আশপাশের এলাকা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে তল্লাশি চালিয়েও শেষ পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বৃদ্ধার পুত্র পঞ্চানন মাজি জানিয়েছেন, তাঁর মা বেশ কিছু দিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সেই অসুস্থতার কারণেই তিনি পথ হারিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন কি না, সেই আশঙ্কা ক্রমেই দানা বাঁধছে।
ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় স্তরে এবং পরিচিত মহলে তাঁর সন্ধান পেতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। কোনও সহৃদয় ব্যক্তি ওই বৃদ্ধার সন্ধান পেলে বা তাঁকে কোথাও ঘুরতে দেখলে ৭০৭৬৩২০৫২০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের তরফে বিনীত অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ বৃদ্ধার সন্ধানে সাধারণ মানুষের সহযোগিতা প্রার্থনা করেছেন তাঁর পরিজনেরা।
